সরকারি লেনদেনে প্রথমবার ডিজিটাল মুদ্রা ব্যবহার আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি লেনদেনে ডিজিটাল দিরহামের ব্যবহার শুরু হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি লেনদেনে ডিজিটাল দিরহামের ব্যবহার শুরু হয়েছে। একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে দেশটির ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে লেনদেনের মধ্য দিয়ে এ মুদ্রার ব্যবহার শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে দেখছে সমন্বিত ও নিরাপদ ডিজিটাল অর্থনীতি গঠনের অভিযাত্রায় ঐতিহাসিক মাইলফলক হিসেবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

দুবাই, আবুধাবি ও শারজার মতো বড় শহরগুলোকে আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অনেক দিন ধরে কাজ করছে ইউএই। এর অংশ হিসেবে আর্থিক খাতে ব্যাপক সংস্কারে জোর দিয়েছে দেশটির ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষ। ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় প্রথমবার ডিজিটাল লেনদেনে যুক্ত ছিল দেশটির অর্থ মন্ত্রণালয় ও দুবাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিওএফ)।

আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সফরমেশন (এফআইটি) প্রোগ্রামের অধীনে চালু রয়েছে ডিজিটাল দিরহাম প্রকল্পের পাইলট পর্যায়। এ প্রকল্পের লক্ষ্য হলো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গ্রহণযোগ্যতা গতিশীল করা এবং আর্থিক উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে ইউএইর অবস্থান আরো শক্তিশালী করা।

ইউএইর ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘ডিজিটাল দিরহাম হলো এখানকার সমন্বিত ডিজিটাল অর্থনীতি গঠনের কৌশলগত ভিত্তি। এটি ইউএইকে বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে আরো মজবুত অবস্থানে নিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ফেডারেল সরকার ও দুবাই সরকারের মধ্যে ডিজিটালি প্রথম সরকারি লেনদেন সম্পন্ন হয়েছে। এটি জাতীয় আর্থিক ব্যবস্থার সংহতি, টেকসই প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে সমর্থনকারী আধুনিক প্রযুক্তিগত অবকাঠামোর প্রতিফলন।’

ডিওএফের সেন্ট্রাল অ্যাকাউন্টস সেক্টরের নির্বাহী পরিচালক আহমেদ আলি মেফতাহ জানান, পাইলট ভিত্তিতে সংঘটিত লেনদেনটি এমব্রিজ পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়েছে। লেনদেনটি ২ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়। ফেডারেল ও স্থানীয় সরকারি সংস্থাগুলোর মধ্যে দ্রুত আর্থিক নিষ্পত্তির সক্ষমতা প্রমাণ করে।

এমব্রিজ প্লাটফর্ম সরকারি সংস্থাগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) ব্যবহার করে নিরাপদ নিষ্পত্তির সুযোগ দিচ্ছে। ডিজিটাল দিরহাম উদ্যোগের সঙ্গে একীভূত প্লাটফর্মটি মধ্যস্থতাকারী ছাড়াই ডিজিটালভাবে অর্থ ইস্যু, গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি একক চ্যানেল সরবরাহ করে।

সরকারি পর্যায়ে ডিজিটাল মুদ্রার ধারণা ও পরীক্ষা নতুন নয়। অনেক আগে থেকে ডিজিটাল ইউয়ানের (ই-সিএনওয়াই) পরীক্ষামূলকভাবে লেনদেন করছে চীন, যা দেশটির স্থানীয় সরকারের কিছু লেনদেনে ব্যবহার হয়েছে। এছাড়া বাহামা, নাইজেরিয়া, ভারতসহ কিছু দেশ সরকারি খাতে ডিজিটাল মুদ্রা আংশিকভাবে ব্যবহার করছে বা পাইলট পর্যায়ে রয়েছে। তবে ইউএই হলো প্রথম দেশগুলোর একটি, যারা জাতীয় পর্যায়ে ডিজিটাল মুদ্রা ব্যবহার করল।

আরও