বিস্ফোরক সংকটে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

বিস্ফোরক দ্রব্যের (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং বা পাথর খনি থেকে পাথর উত্তোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বিস্ফোরক দ্রব্যের (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং বা পাথর খনি থেকে পাথর উত্তোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খবরের সত্যতা নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিএম জোবাইয়েদ হোসেন জানান, গতকাল সকাল থেকে খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ঠিকাদার প্রতিষ্ঠান ট্রাস্ট কনসোর্টিয়াম খনি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় খনির উন্নয়ন কার্যক্রমও।

এমডি জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী পাথর উৎপাদন ও খনির উন্নয়নকাজে অতি প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য সরবরাহ করতে না পারার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। ভারত থেকে এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়ে থাকে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বিস্ফোরক দ্রব্যের চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিস্ফোরক দ্রব্য এসে পৌঁছালে খনি থেকে পাথর উত্তোলন আবার শুরু করা সম্ভব হবে।

এদিকে মধ্যপাড়া পাথর খনির শ্রমিক ও কর্মকর্তাদের একটি সূত্র জানায়, খনি থেকে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলিত হয়। যার দাম প্রায় দেড় কোটি টাকা। যে কয়দিন পাথর উত্তোলন বন্ধ থাকবে সেই কয়দিন প্রতিদিন সরকারের দেড় কোটি টাকা করে আর্থিক ক্ষতি হবে।

আরও