চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২৬ কোটি ১৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ টাকা নিট লোকসান হয়েছিল। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২২৩ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৩ কোটি ৭৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা, হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯৫ কোটি ৪৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৬১ পয়সা।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫৯ পয়সা।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ডেসকোর পর্ষদ। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেসকো। ৩০ জুন ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। আগের হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের দুই বছরে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডেসকোর ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকো লিমিটেডের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৭৬, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও বাকি ৮ দশমিক ৫৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।