চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের শীর্ষ পিসি নির্মাতা লেনোভোর মুনাফা কমেছে ৬৪ শতাংশ। কোম্পানির তারল্যপ্রবাহ না কমলেও ওয়ারেন্ট ভ্যালু কমে যাওয়ায় এ পতন হয় বলে উল্লেখ করেছে কোম্পানিটি। গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে লেনোভো। খবর রয়টার্স।
প্রসঙ্গত, ওয়ারেন্ট হলো কোনো তালিকাভুক্ত কোম্পানির ইস্যুকৃত এক ধরনের সিকিউরিটি, যার মাধ্যমে এর ধারককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট মূল্যে ওই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার নিশ্চয়তা দেয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে সরাসরি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনতে হয় (কল ওয়ারেন্ট)। অথবা সরাসরি কোম্পানির কাছেই শেয়ার বিক্রি করতে হয় (পুট ওয়ারেন্ট)। পুঁজিবাজারে আকস্মিক উত্থান-পতন থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয় ওয়ারেন্ট।
লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসইজি) তথ্যানুযায়ী, গত প্রান্তিকে লেনোভোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৯ কোটি ডলার, যা বিশ্লেষকদের গড় পূর্বাভাস ২২ কোটি ৫৮ লাখ ডলারের তুলনায় অনেক কম।
উল্লেখ্য, গত বছরের মে মাসে লেনোভো চীনে প্রথম এআই কম্পিউটার বাজারে আনে। এরপর সেপ্টেম্বরে ডিভাইসটি বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। কোম্পানির সিইও ইয়াং ইউয়ানচিংয়ের প্রত্যাশা, ২০২৫ সালের মধ্যে লেনোভোর মোট কম্পিউটার বিক্রির এক-চতুর্থাংশই হবে এআই-পিসি, যা ২০২৭ সালের মধ্যে বাড়তে পারে ৮০ শতাংশ পর্যন্ত।
এদিকে চীনা স্টার্টআপ ডিপসিকের প্রযুক্তি ব্যবহার শুরু করেছে লেনোভো। ডিপসিক কম খরচে উন্নত এআই পরিষেবা দিয়ে খাতটিতে আলোড়ন তুলেছে। কোম্পানিটি পিসি, ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইসে এ প্রযুক্তি সংযোজন করছে।
অন্যদিকে মার্চে শেষ হওয়া প্রান্তিকে লেনোভোর ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস গ্রুপের আয় বার্ষিক হিসাবে বেড়েছে ৬৪ শতাংশ। ইউনিটটি সার্ভারসহ বিভিন্ন পণ্য নিয়ে গঠিত।