কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটন এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও প্রতিষ্ঠান অংশ নেবে। এবারের আয়োজনে দুই শতাধিক বুথ ও স্টল এবং ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা রয়েছে। মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে মেলার ১৪তম আসর বসবে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি), যা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গতকাল এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং বৈশ্বিক সংযোগ জোরদার করাই এবারের আয়োজনের লক্ষ্য। তিন দিনব্যাপী এ মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলংকা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি এবং প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় ২৫০ জনের বেশি সম্ভাব্য ব্যবসায়িক ক্রেতা এবং ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থীর অংশগ্রহণের পাশাপাশি মোট দর্শনার্থীর সংখ্যা ৬০ হাজার ছাড়াতে পারে প্রত্যাশা আয়োজকদের।
চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এছাড়া এয়ারলাইনস অংশীদার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও প্লাটিনাম হসপিটালিটি অংশীদার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) অংশীদার বৈশ্বিক ট্রাভেল টেকনোলজি জায়ান্ট সেবার। এছাড়া পিআর অংশীদার ওপাস কমিউনিকেশনস লিমিটেড; প্রযুক্তি অংশীদার এম৩৬০আইটি, পরিবহন অংশীদার কনকর্ড সার্ভিস; ডিজিটাল অংশীদার মায়েস্ট্রো এবং অডিও-ভিজুয়াল অংশীদার প্যানোরমা পিসি ক্রিয়েটরস ও রুচি।