প্রথমবারের মতো গায়ানা থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনল ভারত, যা দেশটির জ্বালানি তেল পরিশোধনাগারে দক্ষিণ আমেরিকার দেশ থেকে আসা প্রথম কোনো সরবরাহ হিসেবে পৌঁছাবে। খবর রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল জানিয়েছে, ভারতীয় দুটি পরিশোধনকারী প্রতিষ্ঠান মার্কিন এনার্জি জায়ান্ট এক্সনমবিল থেকে মোট ৪০ লাখ ব্যারেল গায়ানার জ্বালানি তেল কিনেছে।
এর মধ্যে ভারতের সর্ববৃহৎ পরিশোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) ২০ লাখ ব্যারেল গোল্ডেন অ্যারোহেড (জিএএইচ) জ্বালানি তেল কিনেছে। আইওসির জন্য এবারই প্রথম এ গ্রেডের জ্বালানি তেল ক্রয়। চালানটি ডিসেম্বরের শেষ বা ২০২৬ সালের শুরুতে ভারত পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে।
অন্যদিকে হিন্দুস্থান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল) প্রথমবারের মতো লিজা ও ইউনিটি গোল্ড গ্রেডের ২০ লাখ ব্যারেল গায়ানার জ্বালানি তেল কিনেছে। এ চালানও একই সময় ভারত পৌঁছানোর কথা।
বিশেষজ্ঞদের মতে, ভারত অপরিশোধিত জ্বালানি তেলের উৎস বৈচিত্র্য বাড়াচ্ছে। বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করলে এ খাতে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে পারবে দেশটি। এর সঙ্গে জড়িত রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্কবিবাদ। সম্প্রতি রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় ভারতীয় পণ্যে গড়ে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে গায়ানার জ্বালানি তেল রফতানি দ্রুত বাড়ছে। এক্সনমবিল নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের দৈনিক উৎপাদন ৭ লাখ ৭০ হাজার ব্যারেল (বিপিডি) পর্যন্ত পৌঁছেছে।
এটি কনসোর্টিয়ামের চতুর্থ ফ্লোটিং উৎপাদন সুবিধা চালু হওয়ার পর সম্ভব হয়েছে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, নতুন জিএএইচ গ্রেডের রফতানি জুলাই থেকে শুরু হওয়ার পর, চলতি বছর অক্টোবরে দেশের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি সর্বকালের সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার বিপিডিতে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, ভারতীয় পরিশোধনাগার প্রথমবারের মতো গায়ানার জ্বালানি তেল কিনেছে, যা বিশ্বের নতুন জ্বালানি উৎসের দিকে দেশটির আগ্রহের প্রতিফলন। এতে ভূরাজনৈতিক চাপ মোকাবেলার সুযোগও পাচ্ছে। বৈশ্বিক বাজারের পরিবর্তনের সঙ্গে ভারত আরো নতুন উৎস খুঁজতে পারে, যা দেশীয় চাহিদা মেটাতে সাহায্য করবে।