বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করতে আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় মন্ত্রী বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার জন্যও আলজেরিয়াকে আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন, এ উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।
আলোচনার সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।