মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

ফলে আন্তর্জাতিক বাজারে ধাতব পণ্যটির দাম আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) অ্যালুমিনিয়ামের মূল্য গতকাল ২ দশমিক ৩১ শতাংশ বেড়ে প্রতি টন ২৫ হাজার ২৭৫ ইউয়ানে দাঁড়িয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পর দাম কিছুটা কমলেও সে রেশ কাটিয়ে গতকাল আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই চিত্র ছিল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই), যেখানে তিন মাস মেয়াদি চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে টনপ্রতি ৩ হাজার ৪২৩ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৯ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের প্রভাবে এ অঞ্চলের উৎপাদন ও রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাতারভিত্তিক প্রতিষ্ঠান কাতালুম এরই মধ্যে উৎপাদন বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহত্তম কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা) পণ্য সরবরাহের ক্ষেত্রে ফোর্স মজিউর বা অনিবার্য পরিস্থিতির ঘোষণা দিয়েছে।

এসডিআইসি ফিউচার্সের প্রধান বিশ্লেষক জিং শিয়াও জানান, একবার উৎপাদন বন্ধ হয়ে গেলে তা পুনরায় শুরু করতে অন্তত ছয় মাস লাগে। এতে মধ্যপ্রাচ্য থেকে অ্যালুমিনিয়াম সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগার আশঙ্কা রয়েছে।

আরও