আইসিইতে কমেছে কোকোর দাম

মজুদ বৃদ্ধির কারণে বেশ কয়েক দিন ধরেই কম দামে কোকো বেচাকেনা হচ্ছে।

মজুদ বৃদ্ধির কারণে বেশ কয়েক দিন ধরেই কম দামে কোকো বেচাকেনা হচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গত শুক্রবার পণ্যটির দাম আরো কমে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

আইসিইতে ব্যবসায়িক লেনদেনের শেষ দিনে কোকোর দাম ২ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমে এসেছে ৬ হাজার ৭৫ পাউন্ডে, যা গত চার মাসের সর্বনিম্নের কাছাকাছি। অন্যদিকে নিউইয়র্কে কোকোর দাম ৩ দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ৭ হাজার ৮২৩ ডলারে নেমে এসেছে।

এদিকে ডিলাররা জানান, যুক্তরাষ্ট্রের ওয়্যারহাউজে কোকোর মজুদ চার মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সেই সঙ্গে শীর্ষ উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে মধ‍্য-ফসলের ফলন কমার পূর্বাভাস সত্ত্বেও এ বছর তাদের রফতানি চুক্তি বাতিল করতে হবে না।

রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, শুষ্ক আবহাওয়া আইভরি কোস্টের মধ‍্য-ফসলের উৎপাদন ৪০ শতাংশ কমিয়ে দিতে পারে।

উল্লেখ্য, ভরা মৌসুমের পরের সময়কে মধ্য-ফসলের সময় বলে ধরে নেয়া হয়। এ সময় উৎপাদন কিছুটা কম হয়ে থাকে।

আরও