বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি

গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ব্র্যাক ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি রিফাইন্যান্স স্কিম’ এবং ‘ডেভেলপমেন্ট অব আইসিটি রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক তহবিলের আওতায় এসব চুক্তি স্বাক্ষর হয়েছে।

গ্রিন ইন্ডাস্ট্রি বা পরিবেশবান্ধব শিল্প-কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে উদ্যোক্তাদের সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি রিফাইন্যান্স স্কিম’ এবং ‘ডেভেলপমেন্ট অব আইসিটি রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক তহবিলের আওতায় এসব চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, স্কিম দুটির আওতায় মোট ২ হাজার কোটি টাকার রিভলভিং ফান্ড বা ঘূর্ণায়মান তহবিল রয়েছে। যোগ্য ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ৩-১০ বছর মেয়াদি অর্থায়ন সুবিধা পাবেন।

উৎপাদন খাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব কারখানা ও শিল্প-স্থাপনা নির্মাণ বা উন্নয়নে এ অর্থায়ন ব্যবহার করতে পারবেন। গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুসরণকারী প্রকল্পও এ সুবিধার আওতায় রয়েছে। অন্যদিকে আইসিটি স্কিমে সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, রোবটিকস ও স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কার্যক্রম অন্তর্ভুক্ত।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপ নির্ভর করছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার ওপর। এসব স্কিমের মাধ্যমে আমরা যোগ্য গ্রাহকদের সে বিনিয়োগের জন্য সাশ্রয়ী অর্থায়ন পেতে সহায়তা করতে পারব।’

তিনি আরো বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব অবকাঠামো ও শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুললে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, প্রবৃদ্ধি অর্জন এবং দেশের জন্য নতুন সুযোগ তৈরিতে আরো সক্ষম হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চুক্তি দুটি ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়ন কার্যক্রমকে আরো এগিয়ে নেবে। এছাড়া ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স হেল্প ডেস্ক গ্রাহকদের গ্রিন ইনভেস্টমেন্টের সুযোগ চিহ্নিত করা এবং বিদ্যমান অর্থায়ন সুবিধা সম্পর্কে জানতে সহায়তা করে।

আরও