এশিয়ায় মিশ্রপ্রবণতায় চালের বাজার

এশিয়ার দেশগুলোয় গত সপ্তাহে মিশ্রপ্রবণতায় ছিল চালের দাম।

এশিয়ার দেশগুলোয় গত সপ্তাহে মিশ্রপ্রবণতায় ছিল চালের দাম। এ সময় ভারতে অভ্যন্তরীণভাবে ধান কেনার খরচ বেড়ে যাওয়ায় তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যশস্যটির দাম। তবে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের চাহিদা এখনো কম। খবর বিজনেস রেকর্ডার।

ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলার, যা গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চালের দাম ছিল ৩৫০-৩৫৭ ডলার। স্পঞ্জ এন্টারপ্রাইজেসের পরিচালক উমেশ জৈন বলেন, ‘দাম আরো কমার অপেক্ষায় আছেন আফ্রিকার ক্রেতারা। তাই বাজারে চালের কেনাকাটা কমেছে।’

গত সপ্তাহে থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৪১০ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল। তবে ক্রেতারা ক্রিসমাসের পর থেকে কেনাকাটা বন্ধ রেখেছেন। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘এ বছর রফতানিকারক ও ব্যবসায়ীদের জন্য খুবই কঠিন সময়। কারণ চালের দাম কমেছে।’

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলার। আগের সপ্তাহেও দেশটিতে একই দামে চাল বেচাকেনা হয়েছিল। হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘অন্য দেশগুলোয় চালের চাহিদা অনেক কম। আগামী বছর ভিয়েতনামের রফতানি আরো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।’

আরও