এসএমই, কৃষি ও করপোরেট খাতে অর্থায়নের উদ্যোগ

প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন ডলারের টার্ম লোন চুক্তি

ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে বাণিজ্য অর্থায়নের সক্ষমতা আরো জোরদার হবে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে ৩০ মিলিয়ন ডলারের টার্ম লোন সুবিধা দেবে ওপেক ফান্ড। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এ অর্থায়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসাগুলোকে স্থিতিশীল সহায়তা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফায়সাল রহমান এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

চুক্তি প্রসঙ্গে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা বলেন, ‘বাংলাদেশে এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান বাণিজ্য অর্থায়নে সীমাবদ্ধতার সম্মুখীন। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের এ অংশীদারত্ব তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, রফতানিতে বৈচিত্র্য আনবে এবং দেশের বেসরকারি খাতকে আরো শক্তিশালী করবে।’ এ ঋণ ওপেক ফান্ডের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রেসিডেন্ট।

অন্যদিকে প্রাইম ব্যাংকের সিইও ফায়সাল রহমান বলেন, ‘ওপেক ফান্ডের সঙ্গে এ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। তিন বছর পর্যন্ত বর্ধনযোগ্য এ টার্ম লোন আমাদের গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এ সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওপেক ফান্ডের এ সমর্থন প্রাইম ব্যাংকের সুশাসন, কার্যকর সক্ষমতা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যের প্রতি তাদের আস্থার প্রতিফলন।’

আরও