ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সোমবার কোকোর দাম কমে গত চার মাসের সর্বনিম্নে নেমেছে। বাজারে এখনো চলতি মৌসুমে চাহিদার তুলনায় বাড়তি সরবরাহ পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, কোকোর দাম অতিরিক্ত কমে গেছে। শিগগিরই মূল্য পুনরুদ্ধার হতে পারে। খবর বিজনেস রেকর্ডার।
আইসিইতে সোমবার কোকোর দাম ২ দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ৬ হাজার ৩৫৪ পাউন্ডে দাঁড়িয়েছে, যা গত বছরের নভেম্বরের শুরুর পর থেকে সর্বনিম্ন। এদিন নিউইয়র্কের বাজারে কোকোর দাম ২ দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি ৮ হাজার ১১২ ডলারে নেমে এসেছে। এর আগের সপ্তাহে পণ্যটির দাম কমেছিল ৯ শতাংশ।
আন্তর্জাতিক কোকো সংস্থার (আইসিসিও) পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে কোকো বাজারে ১ লাখ ৪২ হাজার টন উদ্বৃত্ত থাকতে পারে, যা কোকোর দরপতনের অন্যতম কারণ।
আইভরি কোস্টের প্রধান উৎপাদন কেন্দ্র থেকে বন্দরগুলোয় কোকো সরবরাহ ৯ মার্চ পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ১৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশটিতে প্রতিকূল আবহাওয়া ও রোগের কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল।