টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট মবিলিটি সমাধানে কাজ করতে দক্ষিণ কোরিয়ার দুই কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানি দুটি হলো পিবিএস কোম্পানি লিমিটেড ও সিএনডি মোটরস কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে চুক্তির আওতায় তিনটি প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে। এগুলো হলো বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের সংযোজন ও সরবরাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও বুদ্ধিমান ট্রাফিক ব্যবস্থাপনার সমাধান এবং সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প।
চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন ও বাজার উন্নয়নে কাজ করবে এডিএন টেলিকম। প্রাথমিকভাবে হাই-টেক পার্কে সংযোজন সুবিধা স্থাপন ও টেকসই প্রযুক্তি প্রকল্প বাস্তবায়ন করবে কোম্পানিটি। অন্যদিকে কোরিয়ান কোম্পানি দুটি অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও কারিগরি দক্ষতা সরবরাহ করবে। যৌথ উদ্যোগের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার লক্ষ্য প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘমেয়াদি টেকসই কার্যক্রম নিশ্চিত করা।
আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৪৩ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ৪ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৪ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৬ পয়সায়।
এডিএন টেলিকমের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসিঙ্গক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬। এর ৪২ দশমিক ৮১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৪৬, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।