রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে গতকাল মহানবী হজরত মুহাম্মদের (সা.) জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘রাসুলের (সা.) জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদেরকে সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব। রাসুলুল্লাহর (সা.) চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসুল (সা.) বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন।’ তিনি রাসুলের (সা.) দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তঃকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানান। এছাড়া যেসব বিষয় মহানবী (সা.) নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান মোহাম্মদ শামীম কায়সার।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান। উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।’ অন্যান্যের মধ্যে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ বক্তৃতা করেন।