দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৭৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, লাভেলো আইস্ক্রিম পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফাইন ফুডস লিমিটেড।
এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ২২ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৩ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৮ টাকায়। তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৩০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ১৩ লাখ ৮০ হাজার, ম্যারিকো বাংলাদেশের ৩ কোটি ৪ লাখ ৪০ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৩ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার ও ফাইন ফুডসের ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সার্বিকভাবে গত সপ্তাহে ডিএসইর লেনদেনও কিছুটা বেড়েছে। এ সময় ডিএসইতে মোট ২ হাজার ১৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৬৯৫ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি টাকা বা ২৫ দশমিক ৮ শতাংশ। গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও বেড়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৪২৭ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩৩৯ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির গড় লেনদেন বেড়েছে ৮৮ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৫টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত ছিল ২৭টির আর লেনদেন হয়নি ১৮টির।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ব্যাংক খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ২১ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১৩ দশমিক ৯১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৪৫ শতাংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে ওষুধ ও রসায়ন খাত।
চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল খাতে লেনদেনের পরিমাণ ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। ৮ দশমিক ৯৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত।