উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোয় কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ দুই শিপিং কোম্পানি ডেনমার্কের মায়ের্স্ক ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাবস্থার কারণে ঝুঁকি এড়াতে কোম্পানিগুলো এ অঞ্চলের নির্দিষ্ট কিছু বন্দরে পণ্য পরিবহনের জন্য নতুন কোনো বুকিং নিচ্ছে না।
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা ও গ্রাহকদের মালপত্রের সুরক্ষা বজায় রাখা এখন প্রধান লক্ষ্য। ১ মার্চ থেকেই হরমুজ প্রণালি দিয়ে তাদের সব ট্রানজিট বন্ধ রেখেছে মায়েরস্ক। অন্যদিকে কসকো জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
মায়ের্স্ক জানিয়েছে, প্রতিষ্ঠানটি হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ ট্রানজিট ও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমানের মতো দেশগুলোয় নতুন বুকিং বন্ধ রাখছে। একইভাবে কসকো শিপিং লাইনস জানিয়েছে, সংঘাত ও জাহাজ চলাচলের সীমাবদ্ধতার কারণে কাতার, বাহরাইন, ইরাক ও কুয়েতসহ নির্দিষ্ট কিছু বন্দরের কার্গো পরিষেবা স্থগিত করা হয়েছে। তবে হরমুজ প্রণালি অতিক্রম করতে হয় না এমন কিছু বন্দর, যেমন সৌদি আরবের জেদ্দা ও সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে কসকোর কার্যক্রম আপাতত সচল থাকবে ।