জাপানে প্রথমবারের মতো নগদের চেয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার

জাপানের পরিবারগুলোয় কেনাকাটার ক্ষেত্রে প্রথমবারের মতো নগদ অর্থের তুলনায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি দেখা গেছে।

ই-কমার্সের বিস্তার ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধার কারণে চলতি বছর জাপানিদের মধ্যে এ প্রবণতা লক্ষ করা যায়। যদিও বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির তুলনায় দেশটিতে ক্যাশলেস বা নগদহীন লেনদেনের হার এখনো বেশ কম। খবর নিক্কেই এশিয়া।

সরকারি পারিবারিক ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালে দুই বা তার বেশি সদস্যের পরিবারের মোট লেনদেনের ৩৬ দশমিক ৩ শতাংশ হয়েছে ক্রেডিট কার্ডে। ২০২০ সালে এ হার ছিল ২৬ দশমিক ৭ শতাংশ। একই সময়ে নগদ ব্যবহারের হার নেমে এসেছে ৩৫ দশমিক ৩, যা পাঁচ বছর আগে ছিল ৪৩ দশমিক ১ শতাংশ।

অন্য পদ্ধতিগুলোর ব্যবহারে বড় কোনো পরিবর্তন হয়নি। কিউআর কোড ও কন্ট্যাক্টলেস ট্রানজিট কার্ডসহ ইলেকট্রনিক মানির ব্যবহার সামান্য বেড়ে ৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে লেনদেন কমে হয়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, পরিবহন ও যোগাযোগ খাতে কার্ডভিত্তিক লেনদেন সবচেয়ে বেশি বেড়েছে। তবে খাবার ও চিকিৎসাসেবায় এখনো নগদ অর্থেরই আধিপত্য রয়েছে। এসব খাতে মোট লেনদেনের প্রায় ৫০-৬০ শতাংশই এখন পর্যন্ত নগদ অর্থে হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, অনলাইন কেনাকাটার দ্রুত বিস্তার এ পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালে জাপানের ৫৬ দশমিক ৯ শতাংশ পরিবার অনলাইনে কেনাকাটা করেছে, যা ১০ বছর আগের তুলনায় দ্বিগুণ। অনলাইনে পণ্য কিনতে গিয়ে মানুষ এখন আগের মতো ক্যাশ অন ডেলিভারির বদলে ক্রেডিট কার্ড বা ইলেকট্রনিক মানি ব্যবহার করছে।

কভিড-১৯ মহামারীর সময় স্পর্শহীন লেনদেনের প্রয়োজনে দোকানগুলোয় কার্ড রিডার বসানো এবং বর্তমানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার প্রতিযোগিতা ক্রেতাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করছে। অনেক ক্রেতা জানান, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে রিওয়ার্ড পয়েন্ট তাদের প্রকৃত খরচের বোঝা কিছুটা হলেও কমাতে সাহায্য করে। একটি জরিপে দেখা গেছে, যারা সক্রিয়ভাবে পয়েন্ট সংগ্রহ করেন, তাদের অর্ধেকই মূল্যস্ফীতির কারণে এ বিষয়ে বেশি সচেতন হয়েছেন।

তবে আন্তর্জাতিক তুলনায় ক্রেডিট কার্ডের ব্যবহারে জাপান এখনো পিছিয়ে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় ৯৯ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল ক্যাশলেস। চীনে এ হার ৮৩ দশমিক ৩ শতাংশ। জাপান সরকার ২০৩০ সালের মধ্যে ক্যাশলেস লেনদেনের হার ৬৫ শতাংশে নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

আরও