চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস

বন্দরে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার লক্ষ্যে এ বোনাস দেয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস দেয়া হয়েছে। চবকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শ্রম শাখার তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বোনাস দেয়া হয়।

বন্দরে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার লক্ষ্যে এ বোনাস দেয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ৩৪ লাখ ৯ হাজার টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট)। আর ২০২৪ সালে পরিবহন হয়েছিল ৩২ লাখ ৭৫ হাজার টিইইউ কনটেইনার। সেই হিসাবে কনটেইনার পরিবহন ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে কার্গো হ্যান্ডলিংয়ে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালে মোট প্রায় ১৪ কোটি টন কার্গো ওঠানামা হয়েছে, যা আগের বছর ছিল ১২ কোটি ৪০ লাখ টন।

আরও