দুই বছরের সর্বনিম্নে ভারতের স্বর্ণ আমদানি

ভারতে জুনে স্বর্ণ আমদানি কমে দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

ভারতে জুনে স্বর্ণ আমদানি কমে দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যবান ধাতুটির রেকর্ড দাম বৃদ্ধি দেশটির আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

সরকার ও শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুনে ভারতের স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ২১ টনে, যা ২০২৩ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। মূল্যমানের হিসাবে, গত বছরের জুনে ভারত ২৪৮ কোটি ডলার মূল্যের স্বর্ণ আমদানি করেছিল। চলতি বছরের একই সময় তা ১৮৪ কোটি ডলারে নেমে এসেছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারতের স্বর্ণ আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কমে ২০৪ দশমিক ১ টনে দাঁড়িয়েছে, যা ২০২০ সালের প্রথমার্ধের পর সর্বনিম্ন।

স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে খুচরা ক্রেতারা গহনা কেনায় আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন মুম্বাইভিত্তিক পাইকারি স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান চেনাজি নার্সিংহজির মালিক অশোক জৈন। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধি ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করছে।’

ভারতের অভ্যন্তরীণ বাজারে জুনে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ১ হাজার ৭৮ রুপিতে পৌঁছেছে। উচ্চ মূল্যের কারণে জুলাইয়েও স্বর্ণ আমদানিতে স্থবিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন অশোক জৈন।

তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে রুপা আমদানিতে। জুনে ভারতের রুপা আমদানি আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ টনে। যদিও এটি মে মাসের তুলনায় অনেক কম। এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা বলেন, ‘‌স্বর্ণের তুলনায় অধিক মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা রুপার দিকে ঝুঁকছেন।’

আরও