বিদায়ী ২০২৫ সালে বিশ্বব্যাপী একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রমের আকার প্রথমবারের মতো রেকর্ড সাড়ে ৪ ট্রিলিয়ন (৪ লাখ ৫০ হাজার কোটি) ডলারে পৌঁছেছে। এ ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে বিপুলসংখ্যক মেগাডিল। চাঙ্গা হয়ে ওঠা বৈশ্বিক শেয়ারবাজার, সহজলভ্য অর্থায়ন ও তুলনামূলক শিথিল নিয়ন্ত্রক পরিবেশের সুবাদে ২০২৫ সালে বিশ্বব্যাপী কৌশলগত বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে ওঠে। ফলে এমঅ্যান্ডএ কার্যক্রমেও মেগাডিলের সংখ্যা বেড়েছে ব্যাপক মাত্রায়। এতে বিনিয়োগ ব্যাংকিং ফিও পৌঁছেছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে। যদিও এসবের বিপরীতে বিদায়ী বছরে ছোট আকারের চুক্তির সংখ্যা বেশ কমেছে। খবর এফটি।
মিডিয়া থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্প ও সেবা খাতে বড় ধরনের রূপান্তরের সূচনা হয়েছে ২০২৫ সালে। এ রূপান্তরের বড় অনুঘটক হলো এমঅ্যান্ডএ খাতের মেগাডিলগুলো। অন্তত ১০ বিলিয়ন ডলার মূল্যের ৬৮টি বড় একীভূতকরণ-অধিগ্রহণ চুক্তি সই হয়েছে চলতি বছর।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৫ সালে বিশ্বব্যাপী এমঅ্যান্ডএ কার্যক্রম প্রায় ৫০ শতাংশ বেড়ে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
খাতসংশ্লিষ্ট সেন্টারভিউ পার্টনার্সের কো-প্রেসিডেন্ট টনি কিম বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে আমি এত বড় আকারের এমঅ্যান্ডএ চুক্তি দেখিনি। এসব চুক্তি পুরো শিল্প খাতকে পাল্টে দেয়ার মতো। বড় পরিসরের এমঅ্যান্ডএ সফল করতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে বিবেচনার দরকার হয়, এখন আমরা সেসব পাচ্ছি।’
চুক্তির এ জোয়ারে বিনিয়োগ ব্যাংকিং খাতের এমঅ্যান্ডএ সেবা থেকে ফি বাবদ আয় বেড়ে আনুমানিক ১৩ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ৯ শতাংশ বেশি। এ ফি বৃদ্ধির সিংহভাগই যুক্তরাষ্ট্রকেন্দ্রিক। ২০২৫ সালে মার্কিন কোম্পানি-সংশ্লিষ্ট এমঅ্যান্ডএ চুক্তির সম্মিলিত আকার দাঁড়িছে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে।
ল্যাজার্ডের গ্লোবাল এমঅ্যান্ডএ বিভাগের প্রধান মার্ক ম্যাকমাস্টার বলেন, ‘বর্তমানে ঝুঁকি নেয়ার মানসিকতা বেশ শক্তিশালী। অর্থায়ন ও অ্যান্টিট্রাস্ট পরিবেশও চুক্তির ক্ষেত্রে সহায়ক। ফলে অধিকাংশ ক্ষেত্রে আমরা এক অর্থে সবকিছু প্রস্তুত এমন পরিস্থিতি দেখছি।’
চলতি বছর এমঅ্যান্ডএ খাতে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির দখলে নিতে নেটফ্লিক্স ও প্যারামাউন্টের মধ্যে লড়াই। এরপর রয়েছে ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাদার্নের মধ্যে রেলওয়ে মেগা-মার্জার, এর মাধ্যমে ২৫ হাজার কোটি ডলার মূল্যের একটি ট্রান্সকন্টিনেন্টাল রেল জায়ান্ট তৈরি হচ্ছে।
ঘটনাগুলোকে ২০২১ সালের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। ওই বছর বড় চুক্তিগুলোর মধ্যে ছিল ওয়ার্নারমিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ডিসকভারির একীভূতকরণ। এছাড়া ৩ হাজার ১০০ কোটি ডলারে কানসাস সিটি সাউদার্ন অধিগ্রহণ করেছিল কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে।
শীর্ষ ডিলমেকারদের মতে, ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে একীভূতকরণ নিয়ে ভাবার সুযোগ দিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলো এমঅ্যান্ডএ খাতের জন্য এবার অনেকটাই অনুকূল পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড ক্যাটজের নির্বাহী কমিটির কো-চেয়ার অ্যান্ড্রু নাসবাউম বলেন, ‘এ অবস্থায় কৌশলগত লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রক ঝুঁকি নিতে প্রস্তুত করপোরেট ক্লায়েন্টরা। তারা মনে করছে নিয়ন্ত্রক সংস্থাগুলো গঠনমূলক আলোচনায় আগ্রহী।’
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন ডিলমেকাররা কার্যক্রম বাড়ার প্রত্যাশা করেছিলেন। কিন্তু এপ্রিলের শুরুতে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক সাময়িকভাবে সে গতি থামিয়ে দেয়। তবে পরবর্তী কয়েক সপ্তাহেই ডিলমেকিং আবার ঘুরে দাঁড়ায় এবং বছর শেষ হয় টানা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) ১ ট্রিলিয়ন ডলারের বেশি এমঅ্যান্ডএ লেনদেন দিয়ে, যা চার বছরের মধ্যে প্রথম। এভারকোরের ইউএস ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের কো-প্রধান ড্যানিয়েল মেনডেলো বলেন, ‘লিবারেশন ডে-পরবর্তী পুনরুদ্ধারের পরই আমাদের কার্যক্রমে গতি তৈরি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। এমঅ্যান্ডএ নিয়ে বিপুল আগ্রহ জমে আছে।’
অবশ্য মেগাডিলের ক্রমবর্ধমান ঢেউয়ের বিপরীতে ছোট আকারের লেনদেন কমে গেছে। চলতি বছর মোট চুক্তির সংখ্যা ৭ শতাংশ কমে ২০১৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সামগ্রিক পুনরুদ্ধারের তুলনায় পিছিয়ে রয়েছে প্রাইভেট ইকুইটি খাতের ডিলমেকিং। এ খাতে চুক্তির অর্থমূল্যের পরিমাণ বেড়েছে ২৫ শতাংশের একটু বেশি, ৮৮ হাজার ৯০০ কোটি ডলার।
বাইআউট গ্রুপগুলো এখনো সম্পদ বিক্রি করতে চ্যালেঞ্জের মুখে রয়েছে। অবশ্য এ খাতে কিছু উল্লেখযোগ্য টেক-প্রাইভেট চুক্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ছিল ৫ হাজার ৫০০ কোটি ডলারে ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ) অধিগ্রহণের চুক্তি। এর অধিগ্রহণে নেতৃত্ব দেয় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সহায়তাকারী হিসেবে ছিল প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী সিলভার লেক এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
এমঅ্যান্ডএ কার্যক্রমের এ প্রবণতা শিগগিরই প্রশমিত হবে না বলেও ধারণা গোল্ডম্যান স্যাকসের ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের কো-হেড আন্দ্রে কেলেনার্সের। তিনি বলেন, ‘আগামী কয়েক বছর আরো বেশি চুক্তি সম্পাদনের সুযোগ রয়েছে। বিশেষ করে স্পন্সরদের ঢেউ এখন কেবল শুরু হয়েছে।’