সরকারি ক্রয় কমিটির সভার সিদ্ধান্ত

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৫-১৬ জুলাই ২০২৫ সময়ে ৩০তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত কমিটি।

পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান তা দাখিল করে। দাখিল করা তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে প্রতি এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫ দশমিক ১৭ ডলার। এ হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজিতে ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা ব্যয় হবে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৪০ কোটি ২৬ লাখ ৯৫ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৮৩ দশমিক ২৫ ডলার।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘‌বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পূর্ত-৫ প্যাকেজের (লট-২ ও ৪) ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ শীর্ষক পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা। সুপারিশকৃত দরদাতা বিডিই লিমিটেড-কোহিনূর এন্টারপ্রাইজের জয়েন্ট ভেঞ্চার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘‌২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের অধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ডব্লিউপি-১৪ প্যাকেজের কাজের দরপত্র বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

আরও