পুঁজিবাজারে সূচক কমেছে পৌনে দুই শতাংশ

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৯ পয়েন্টে নেমে এসেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল তীব্র বিক্রয়চাপের কারণে বড় ধরনের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা। অন্যাদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও এদিন সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিনের শুরু থেকেই শেয়ার বিক্রয়চাপ তীব্র হতে শুরু করে। লেনদেন চলাকালে প্রায় সব খাতের শেয়ারেই বিক্রয়চাপ দেখা গেছে। বিশেষ করে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দরপতন সূচকের ওপর বাড়তি চাপ তৈরি করে। দিনের দ্বিতীয়ার্ধে বিক্রির প্রবণতা আরো তীব্র হলে অধিকাংশ শেয়ারের দর কমে যায়।

গতকাল ডিএসইএক্স সূচক প্রায় ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫১৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২০ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৫ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইউসিবি, ইবিএল, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে গতকাল ৫৭১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৪৪ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৩৬টির ও দর অপরিবর্তিত ছিল ২১টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত।

১৫ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ব্যাংক খাত ১১ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল।

১০ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৩ শতাংশ।

গতকাল সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ খাতে ৫ দশমিক ৪ শতাংশ, সিরামিক খাতে ৪ দশমিক ১, পাট ও আইটি খাতে ৩ দশমিক ৭, কাগজ খাতে ৩ দশমিক ১ ও জীবন বীমা খাতে ৩ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮০ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত ছিল ১৮টির।

আরও