বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক অপরিশোধিত ভোজ্য তেল (এইচ এস কোড হেডিং ১৫.০৭, ১৫.১১ ও ১৫.১৮) আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে ৫ শতাংশ আগাম কর (এটি) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এক বিশেষ আদেশে আগাম কর অব্যাহতি দেয়া হয়। বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
এনবিআরের প্রথম সচিব (মুসক নীতি) মোহা. মসিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
আদেশে বলা হয়, এ অব্যাহতি সুবিধা গ্রহণের পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পণ্য আমদানির জন্য প্রযোজ্য সকল শর্তাদি পরিপালন করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪০ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।