ভিয়েতনাম থেকে চলতি বছরের প্রথম নয় মাসে কফি রফতানি কমেছে। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত দেশটি মোট ১২ লাখ টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ কম। শুক্রবার জেনারেল স্ট্যাটিসটিকস অফিস এ তথ্য জানায়। খবর বিজনেস রেকর্ডার।
জেনারেল স্ট্যাটিসটিকস অফিসের দেয়া তথ্যানুযায়ী, এ সময় ভিয়েতনাম থেকে কফি রফতানি কমলেও আয় বেড়েছে। কফি রফতানি আয় গত বছরের তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪৯০ কোটি ডলারে পৌঁছেছে।
এছাড়া ভিয়েতনাম শুধু নভেম্বরে ৬০ হাজার টন কফি রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ১ শতাংশ কম।
এদিকে ভিয়েতনামে ২০২৪-২৫ মৌসুমের নতুন কফির সরবরাহ এখনো পর্যাপ্ত পরিমাণে আসেনি। ফলে দেশটিতে ধীরগতিতে চলছে ব্যবসায়িক কার্যক্রম। এ কারণে চলতি সপ্তাহে দেশটিতে কফির দাম কমেছে।
ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা প্রতি কেজি কফি ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ডংয়ে (৪ ডলার ১৪ সেন্ট থেকে ৪ ডলার ৩৩ সেন্টে) বিক্রি করেছেন।
গত সপ্তাহে পণ্যটি ১ লাখ ২৭ হাজার ৫০০ থেকে ১ লাখ ২৮ হাজার ২০০ ডংয়ে বিক্রি করেছেন কৃষকরা।