যুক্তরাজ্যে ২০২৫ সালের ডিসেম্বরে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) গত শুক্রবার প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। ওএনএস জানিয়েছে, আগের মাসের তুলনায় ডিসেম্বরে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে দশমিক ৪ শতাংশ। খবর আনাদোলু।
বাজার বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন দেশটিতে ডিসেম্বরে খুচরা বিক্রিতে কোনো পরিবর্তন হবে না। এর আগে গত নভেম্বরে সেখানে খুচরা বিক্রির পরিমাণ দশমিক ১ শতাংশ কমেছিল। কিন্তু গত বছরের শেষ মাসে অনলাইন জুয়েলারি এবং মূল্যবান ধাতুর চাহিদা বাড়তে দেখা গেছে। এতে অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতাদের ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে।
ওএনএসের এক বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবর ও নভেম্বরে বিক্রির পরিমাণ কমার পর ডিসেম্বরে অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতাদের বিক্রি বেড়েছে। বিশেষ করে অনলাইন জুয়েলারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ডিসেম্বরে মূল্যবান ধাতুর চাহিদা অনেক বেড়েছিল।
এতে আরো বলা হয়েছে, সুপারমার্কেট ও অটোমোবাইল জ্বালানির বিক্রিও ডিসেম্বরে সামান্য বেড়েছে। তবে পোশাক, গৃহস্থালি পণ্য ও অন্যান্য খাদ্য-বহির্ভূত পণ্যের বিক্রি এ সময়ে দশমিক ৯ শতাংশ কমেছে। অন্যদিকে অনলাইন বিক্রির মূল্য ডিসেম্বরে আগের মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় অনলাইন বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১ শতাংশ।
বার্ষিক হিসেবে খুচরা বিক্রির পরিমাণ ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি বিশ্লেষকদের দেয়া ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। তবে ডিসেম্বরের আগের তিন মাসের হিসেবে খুচরা বিক্রির পরিমাণ দশমিক ৩ শতাংশ কমেছে।
২০২৫ সালে দেশটিতে খুচরা বিক্রির পরিমাণ ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৪ সালে প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ২ শতাংশ। তবে ২০২২ ও ২০২৩ সালে দেশটিতে খুচরা বিক্রিতে বড় পতন দেখা দিয়েছিল।
ওএনএস জানিয়েছে, টানা দ্বিতীয় বছর বার্ষিক প্রবৃদ্ধি হলেও খুচরা বিক্রির পরিমাণ এখনো ২০১৯ সালের পর্যায়ে পৌঁছতে পারেনি।