বিক্রি কমলেও প্রত্যাশা ছাড়াল ডমিনোজের আয়

মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্রে বাইরে খাওয়ার প্রবণতা কমেছে।

এর প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম বড় পিৎজা চেইন ডমিনোজ পিৎজার রেস্তোরাঁ ব্যবসায়ও। তবে সাপ্লাই চেইন ব্যবসার শক্তিশালী প্রবৃদ্ধির কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আয়ে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়িয়ে গেছে কোম্পানিটি। খবর রয়টার্স।

ডমিনোজের সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৪ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে ১১৯ কোটি ডলার। অন্যদিকে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১১৮ কোটি ডলার। মূলত সরবরাহ ব্যবসা থেকে আয় বাড়ায় এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

একই সঙ্গে গত প্রান্তিকের ডমিনোজের সরবরাহ ব্যবসার আয় ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৩ কোটি ১৭ লাখ ডলারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি জানায়, দোকানগুলোর কাছ থেকে অর্ডার বেড়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিক্রি করা খাদ্যপণ্য ও অন্যান্য সরঞ্জামের মূল্য গড়ে ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।

তবে যুক্তরাষ্ট্রে ডমিনোজের বিক্রি খুবই ধীরগতিতে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে বিক্রিতে প্রবৃদ্ধি ছিল দশমিক ১ শতাংশ। অন্যদিকে বিশ্লেষকরা দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিলেন। এক বছর আগে একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে উচ্চ জীবনযাত্রার ব্যয় ও শ্রমবাজারের ধীরগতির কারণে মানুষ প্রয়োজন ছাড়া খরচ করছে কম। ফলে বাইরে খাওয়ার মতো ঐচ্ছিক ব্যয়ও কমে গেছে। এর প্রভাব দ্রুত সেবা দেয়া রেস্তোরাঁ খাতের প্রায় সব প্রতিষ্ঠানই অনুভব করছে।

ডমিনোজের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল ওয়েইনার বলেন, ‘দীর্ঘমেয়াদে ব্যবসার সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো অর্ডারের সংখ্যা বৃদ্ধি।’

তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের দ্রুত সেবা দেয়া রেস্তোরাঁ খাত এখনো চাপে রয়েছে। এর আগে গত এপ্রিলেও তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের আস্থা কভিড-১৯ মহামারীর সময়ের মতো নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে ডমিনোজের বিক্রয় বাবদ ব্যয় ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৭১ কোটি ৬২ লাখ ডলারে দাঁড়িয়েছে। ফলে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ দশমিক ৭ ডলার, যা বিশ্লেষকদের ৪ দশমিক ১৭ ডলারের প্রত্যাশার চেয়ে কম।

তবে প্রত্যাশার চেয়ে বেশি আয়ের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সোমবার ডমিনোজের শেয়ারদর প্রায় ৭ শতাংশ বেড়েছে। যদিও চলতি বছর এ পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৩ শতাংশ কমেছে।

আরও