বিদেশী বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। একই সঙ্গে এসব বিনিয়োগকারীর জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
মার্চ ফর গাজা কর্মসূচি থেকে বিদেশী কোম্পানিগুলোর কার্যালয়ে হামলায় ক্ষতিগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো ও জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশের নির্বাহীরা।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘একই ছাদের নিচে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এ বৈঠক কেবল সময়োপযোগীই নয়, বরং নজিরবিহীনও বটে। এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা—বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, বিশেষত প্রতিকূলতা দেখা দিলে।’
তিনি বলেন, ‘আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে—সেগুলো ধ্বংস করা কোনো সমাধান নয়।’
বৈঠকে অংশ নেয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা লুটপাট, ভাংচুরে তাদের ক্ষয়ক্ষতি ও কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরেন।
এর প্রতিক্রিয়ায় আইজিপির পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি বিশেষ যোগাযোগের লাইন খোলা হবে। এতে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাজনিত যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানাতে ও দ্রুত সহায়তা পেতে পারবে।
আইজিপি বাহারুল আলম দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী নেতাদের।