প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ সেবা 'বীর' চালু

প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্লাটফর্ম ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ চালু করেছে বাংলাদেশ ফাইন্যান্স। এ প্লাটফর্মের মাধ্যমে প্রবাসীরা বিশেষ সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন।

আজ মঙ্গলবার (৫ মার্চ) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) এক সংবাদ সম্মেলনে প্লাটফর্মটির উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সাংবাদিকরা।

বাংলাদেশ ফাইন্যান্স জানায়, ‘বীর’ প্লাটফর্মের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সারা দেশ থেকে বিমানবন্দর পিকআপ ও ড্রপ-অফ পরিষেবা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ অ্যাকসেস ও মিট-অ্যান্ড-গ্রিট পরিষেবা এবং স্বাস্থ্য ও জীবন বীমা কভারেজ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন, প্রবাসীরা তাদের রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ প্রবাসীদের জন্য আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের আর্থিক চাহিদা মেটাতে বিশেষ সেবা দেবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ, সর্বোচ্চ সেবা ও আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের বিনিয়োগকে আরো সুবিধাজনক, সুরক্ষিত ও লাভজনক করার লক্ষ্য নিয়েছে। —বিজ্ঞপ্তি

আরও