বাজার পর্যবেক্ষকদের প্রত্যাশামাফিক উন্নতি করতে পারছে না বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলো। এর মধ্যেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কর্তৃক চলতি মাসে দেশটিতে সুদহার কমানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন অর্থনীতির অস্থিতিশীলতার ধাক্কা পড়েছে বিশ্বব্যাপী অন্যান্য দেশেও। দেশে দেশে সরকারি বন্ডের বাজারে প্রবল হয়ে উঠেছে বিক্রয়চাপ। বৈশ্বিক অর্থনীতির এ দুর্বল দশায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখন ক্রমেই বেড়ে চলেছে। ঊর্ধ্বমুখী রয়েছে পণ্যটির বাজারদর। গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে পণ্যটির দরবৃদ্ধির হার দাঁড়িয়েছে তিন মাসে সর্বোচ্চে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গত শুক্রবার স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৫৯৬ ডলার ৫৫ সেন্টে পৌঁছেছে। এদিন মূল্যবান ধাতুটির দাম দিনব্যাপী লেনদেনের এক পর্যায়ে ৩ হাজার ৫৯৯ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছিল। এছাড়া ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৬৫৩ ডলার ৩০ সেন্টে স্থির হয়।
স্বর্ণের টানা মূল্যবৃদ্ধির পেছনে এ মুহূর্তে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে মার্কিন অর্থনীতির অস্থিতিশীলতা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, আগস্টে দেশটিতে বেসরকারি খাতের মজুরি পরিশোধ আগের মাসের তুলনায় কিছুটা বাড়লেও তা ছিল অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে কম। আবার আগের সপ্তাহে দেশটিতে কর্মহীনতার হারও বেড়েছে পূর্বাভাসের চেয়ে বেশি। উভয় সূচকেরই এমন পারফরম্যান্সকে মার্কিন শ্রমবাজারে ক্রমেই দুর্বল হয়ে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বাজার পর্যবেক্ষকরা। বর্তমানে দেশটির অপ্রাতিষ্ঠানিক মজুরি পরিসংখ্যান প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এ পরিসংখ্যানের আগস্ট সংস্করণের তথ্যানুযায়ী, জুলাইয়ে দেশটিতে অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান বেড়েছিল ৭৩ হাজার। রয়টার্সের এক জরিপের তথ্যানুযায়ী, আগস্টে এর পরিমাণ হতে পারে ৭৫ হাজার।
যুক্তরাষ্ট্র কর্মসংস্থানের তথ্য ও ফেডের সুদহারের সম্ভাব্য প্রভাব, মার্কিন সরকারি বন্ডের ইল্ড, মুদ্রাবাজারে ডলারের পারফরম্যান্স এবং অপ্রাতিষ্ঠানিক মজুরি পরিসংখ্যানে দুর্বলতার আশঙ্কা স্বল্পমেয়াদে স্বর্ণের আউন্সপ্রতি মূল্যকে ৩ হাজার ৬৫০ ডলারের কাছাকাছি ঠেলে নিয়ে যেতে পারে বলে মনে করছেন ডেনমার্কভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান স্যাক্সো ব্যাংকের হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি ওলে হ্যানসেন।
গত সপ্তাহে ফেডের কর্মকর্তাদের অনেকেই ইঙ্গিত দিয়েছেন, এ মুহূর্তে ফেডের সুদহার কমানোর সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি। ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফেডের ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) দুই দিনব্যাপী বৈঠকে চলতি বছরে প্রথমবারের মতো সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। এক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
ওলে হ্যানসেনের মতে, নিম্ন সুদহার পরিস্থিতিতে তহবিল গঠনের ব্যয় কমে যাওয়া, ফেডের স্বাধীন নীতি গ্রহণ ও প্রয়োগের সক্ষমতা ধরে রাখা নিয়ে বাজারে বিদ্যমান আশঙ্কা, ভূরাজনৈতিক ঝুঁকি এবং খাড়া হয়ে ওঠা (বন্ডের) ইল্ড কার্ভ—এর সবই মূল্যবান ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখিতা বজায় থাকার বিষয়টিতেই ইঙ্গিত করছে। মুদ্রাবাজারে ডলারের দুর্বলতা এ সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে।
গত শুক্রবার মূল্যবান ধাতুর বাজারে অন্যান্য পণ্যেরও দর ছিল ঊর্ধ্বমুখী। এদিন স্পট মার্কেটে রুপার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৪০ ডলার ৯৮ সেন্টে। প্লাটিনামের দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ১ হাজার ৩৭৩ ডলার ৯২ সেন্টে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সে ১ হাজার ১১০ ডলার ৩২ সেন্টে।