মালয়েশিয়ায় বন্যার কারণে পাম অয়েল উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। ফলে ফেব্রুয়ারিতে দেশটিতে পণ্যটির মজুদ কমে প্রায় তিন বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে। গত মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
পাম অয়েল মজুদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। বার্তা সংস্থাটি ১০ জন ব্যবসায়ী ও বিশ্লেষকের মতামতের ভিত্তিতে এ পূর্বাভাস প্রকাশ করেছে।
পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ জানুয়ারির তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কমে ১৪ লাখ ৮০ হাজার টনে নেমে আসতে পারে। এছাড়া এ সময় দেশটিতে অপরিশোধিত পাম অয়েল (সিপিও) উৎপাদন ৬ দশমিক ৬ শতাংশ কমে ১১ লাখ ৬০ হাজার টনে নেমেছে, যা ২০২২ সালের পর থেকে সর্বনিম্ন।
মুম্বাইভিত্তিক সানভিন গ্রুপের পণ্য গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, ‘মালয়েশিয়ায় বন্যা ও প্রতিকূল আবহাওয়ায় ফল সংগ্রহের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে ফেব্রুয়ারিতে পাম অয়েল উৎপাদন কমেছে।’
এদিকে মালয়েশিয়া থেকে ফেব্রুয়ারিতে পাম অয়েলজাত পণ্যের রফতানি ১০ দশমিক ১ শতাংশ কমে ১০ লাখ ৫০ হাজার টনে নেমে আসতে পারে, যা গত বছরের মার্চের পর থেকে সর্বনিম্ন।