বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

২০২৫ সালে হাইডেলবার্গের মুনাফা কমেছে দ্বিগুণেরও বেশি

সিমেন্ট খাতের তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫ সালে এর আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে দ্বিগুণেরও বেশি। গতকাল অনুষ্ঠিত সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গের পর্ষদ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে হাইডেলবার্গের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ১৮ জুন সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

এদিকে গতকালের সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত প্রতিবেদনও অনুমোদন করেছে হাইডেলবার্গের পর্ষদ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ইপিএস হয়েছে ৮ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৮ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৭ পয়সায়।

সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৬০ পয়সায়।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মুলধন ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫৫ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০। এর ৬০ দশমিক ৬৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও