চট্টগ্রাম বন্দরের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে রেকর্ড পাঁচ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ১৯ টিইইউস (কনটেইনারের মাপের একক) হ্যান্ডলিং করেছে সিডিডিএল। এর মধ্যে ২ হাজার ১০১ টিইইউস ছিল আমদানি পণ্যবাহী ও ২ হাজার ৯১৮ টিইইউস রফতানি পণ্যবাহী কনটেইনার।
সিডিডিএল গত ৭ জুলাই থেকে এনসিটি ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজমেন্ট ও সিঅ্যান্ডএফ শেড এবং গেটে দক্ষ ব্যবস্থাপনার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি এসেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, ‘সিডিডিএলের এ অগ্রগতি দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।’