ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডধারীরা কাউন্সেলিং সেবায় পাবেন বিশেষ ছাড়

ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

নির্বাচিত ক্রেডিট কার্ড ও প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ডধারীদের বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা দিতে অ্যালাইট ইন জেন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় যোগ্য গ্রাহকরা ১০ হাজার টাকায় তিনটি কাউন্সেলিং সেশন নিতে পারবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। এ প্রসঙ্গে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘এ অংশীদারত্ব প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গ্রাহকদের সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। অ্যালাইট ইন জেনের মতো বিশেষায়িত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার লক্ষ্য ব্যাংকের কার্ডধারীদের এমন কিছু সেবার সহজ সুযোগ করে দেয়া, যা তাদের স্বাস্থ্য ও সামগ্রিক মানসিক সুস্থতায় অর্থপূর্ণ ভূমিকা রাখবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম, প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের সিনিয়র ম্যানেজার এহসান বিন সামাদ এবং ই-কমার্সের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে অ্যালাইট ইন জেনের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহিরা হাবিব এবং গ্রোথ অ্যান্ড সাইকোলজি ট্রেইনি নাজিহা তাবাসসুম শপ্তর্ষি।

আরও