স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন সিইও এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এনামুল হককে নিয়োগ দেয়া হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। এসসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এসসিবির নেতৃত্বে আসছেন এনামুল হক। বহুজাতিক এ ব্যাংকে ২৫ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে এনামুল হক স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে অভিজ্ঞতা অর্জন করেন। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ গ্রাহক সম্পর্ক পরিচালনার পাশাপাশি তিনি বহুমাত্রিক ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনেও নেতৃত্ব দেন।

নিয়োগ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘সিইও হিসেবে আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এসসিবির অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরো কার্যকরভাবে কাজে লাগানো, গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কগুলোকে আরো শক্তিশালী করা।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিইও পদে নিয়োগ পাওয়ার আগে গত এপ্রিল থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এসসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশনা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসসিবি ছাড়াও বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নেও অবদান রেখেছেন এনামুল হক। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট সম্পন্ন করেন।

আরও