মালয়েশিয়া আগামী আগস্টের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে। তবে দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় এ ভোজ্যতেলের ওপর সর্বোচ্চ ১০ শতাংশ রফতানি শুল্ক বহাল রাখছে দেশটি। খবর হেলেনিক শিপিং নিউজ।
মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্টের জন্য প্রতি টন পাম অয়েলের নতুন রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪১২ রিঙ্গিত ১৯ সেন। জুলাইয়ে এ মূল্য ছিল ৪ হাজার ৩৪৬ রিঙ্গিত ৭৯ সেন। রফতানি শুল্কের হারও একই ছিল।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল রফতানিকারক দেশ মালয়েশিয়া মূলত আন্তর্জাতিক বাজারদরের ওপর ভিত্তি করে শুল্ক নির্ধারণ করে।
দেশটির নিয়ম অনুযায়ী, প্রতি টনের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিতের মধ্যে থাকলে ন্যূনতম ৩ শতাংশ শুল্ক দিতে হয়। তবে দাম বেড়ে ৪ হাজার ৫০ রিঙ্গিত পার হলেই সর্বোচ্চ ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য হয়। মালয়েশিয়ার এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দামে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।