মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে আসা কর্মীদের জন্য ‘পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন টু ওয়ার্ক সাপোর্ট’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। মূলত সন্তান জন্মদানের পর নারীরা যাতে আত্মবিশ্বাস, মর্যাদা ও সুস্থতা নিয়ে কর্মক্ষেত্রে ফিরে আসতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
এ প্রোগ্রামের মূল লক্ষ্য মাতৃত্বকালীন ছুটির আগে যথাযথ পরিকল্পনা, ছুটিকালীন শারীরিক ও মানসিক যত্ন এবং কাজে ফেরার পর নারীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা। এর আওতায় রয়েছে পেশাদার কাউন্সেলিং ও চিকিৎসকের পরামর্শ, ছুটিকালীন ঐচ্ছিক যোগাযোগ কার্যক্রম, টিম ও লাইন ম্যানেজারদের জন্য সচেতনতা সেশন এবং ছুটি শেষে কাজে ফেরার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করা।
এ ক্ষেত্রে কাজে ফেরার পর প্রত্যেক মা পাবেন ব্যক্তিকেন্দ্রিক সহায়তা। এর মধ্যে রয়েছে নমনীয় কর্মঘণ্টা, টিমের অন্য সহকর্মীদের সাপোর্ট এবং বাস্তবমুখী অন্যান্য সহায়তা।
এ উদ্যোগে মানসিক সুস্থতাকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েদের জন্য পোস্টপার্টাম ডিপ্রেশন বিষয়ে গ্রুপ সেশন, কাউন্সেলিং সাপোর্ট এবং ডে-কেয়ার ও কেয়ারগিভার সুবিধা সম্পর্কিত তথ্য দেয়া হবে।
এছাড়া এ প্রোগ্রামে লাইন ম্যানেজার ও এইচআর বিজনেস পার্টনারদের সুস্পষ্ট ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ফলে কর্মক্ষেত্রে সঠিক ও পক্ষপাতহীন মূল্যায়ন এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
এ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা চাই, মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েরা যেন আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারেন। ব্র্যাক ব্যাংক প্রতিটি ধাপে মায়েদের পাশে আছে। এ উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’