সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, চীন এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে দেড় লাখ টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার এবং ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড রয়েছে। এ সার কিনতে ব্যয় হবে ৭৫৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার এনার্জি মার্কেটিংয়ের কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী প্রতি টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭৮ দশমিক ৮৩ মার্কিন ডলার। সে হিসেবে নবম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯০০ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১৩৮ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
বৈঠকে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী প্রতি টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৩ দশমিক ৭৫ মার্কিন ডলার। সে হিসেবে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১ কোটি ৬ লাখ ১২ হাজার ৫০০ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১২৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে বৈঠকে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য আরব আমিরাত থেকে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডইর কাছ থেকে এ ফসফরিক অ্যাসিড কিনতে ব্যয় হবে ৭৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের ডিএপিএফসিএলের জন্য চীনের মেসার্স গুয়াংজি পেঙ্গুয়ে ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে ২০ হাজার টন ফসফরিক আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি ৮৮ হাজার টাকা।