প্রবাসীদের প্রিয়জনের সুবিধার কথা বিবেচনা করে বিকাশ অ্যাপে এবার ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা যুক্ত করা হয়েছে। এ ফিচারের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় তার প্রয়োজনমতো রেমিট্যান্স স্টেটমেন্ট নিতে পারবেন, যা অ্যাকাউন্টে গ্রহণ করা রেমিট্যান্সের রেকর্ড রাখবে। ফলে আর্থিক ব্যবস্থাপনা হবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। আয়কর পরিশোধের ক্ষেত্রেও এ স্টেটমেন্ট কাজে লাগবে।
বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে—দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট ও রিসিট। স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিট্যান্স স্টেটমেন্ট নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। চাইলে ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর বা নিজের পছন্দমতো তারিখ অনুসারে এ স্টেটমেন্ট নেয়া যাবে। দিনে দুইবার ও মাসে সর্বোচ্চ পাঁচবার এ সুবিধা পাওয়া যাবে। রিকোয়েস্ট জমা দেয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহক। স্টেটমেন্ট তৈরি হলে অ্যাপে নোটিফিকেশনও আসবে। এরপর ডাউনলোড করে স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবেন। গ্রাহক নিরাপত্তা বিবেচনা করে স্টেটমেন্টটিকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। গ্রাহক রেমিট্যান্স স্টেটমেন্টটি পাবেন বিনামূল্যে।
রেমিট্যান্স গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, স্টেটমেন্টের সময়সীমা এবং ইস্যু ডেট থাকবে স্টেটমেন্টের ওপরের অংশে। আর নিচের অংশে মোট রেমিট্যান্সের সংখ্যা ও পরিমাণ উল্লেখ থাকবে গ্রাহকের সুবিধার জন্য।
অন্যান্য আর্থিক লেনদেনের মতো পরের অংশে প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। শুরুতে রেমিট্যান্স গ্রহণের সময় ও তারিখ, যে দেশ থেকে পাঠানো হয়েছে সে দেশের নাম, সেটলমেন্ট ব্যাংকের নাম, মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের নাম এবং পাঠানো রেমিট্যান্সের সমপরিমাণ টাকার অংক লেখা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আসা সব রেমিট্যান্সেরই বিস্তারিত তারিখ অনুসারে স্টেটমেন্টে যুক্ত থাকবে। —বিজ্ঞপ্তি