পরিচালন মুনাফা কমেছে ফক্সওয়াগনের

জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন জানিয়েছে, ২০২৪ সালে আগের বছরের তুলনায় পরিচালন মুনাফা কমেছে ১৫ শতাংশ।

জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন জানিয়েছে, ২০২৪ সালে আগের বছরের তুলনায় পরিচালন মুনাফা কমেছে ১৫ শতাংশ। এর কারণ হিসেবে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি খরচ বাড়ার বিষয়টি কোম্পানির আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু।

ফক্সওয়াগন গ্রুপের অধীনে রয়েছে অডি, বুগাটি, সিয়াট, স্কোডা ও পোরশের মতো ব্র্যান্ড। কোম্পানিটি ১ হাজার ৯০৬ কোটি ইউরো বা ২ হাজার ৭০ কোটি ডলার পরিচালন মুনাফার তথ্য দিয়েছে।

২০২৪ সালে ফক্সওয়াগনের আয় আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৩২ হাজার ৪৬০ কোটি ইউরো। আগের বছর আয় করেছিল ৩২ হাজার ২২০ কোটি ইউরো।

গত বছর ফক্সওয়াগন ৯০ লাখ গাড়ি বিক্রি করেছে, যা ২০২৩ সালের ৯৪ লাখ ইউনিটের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম।

বিক্রি প্রসঙ্গে কোম্পানিটি বলছে, চীনে বিক্রির পতন পুরোপুরি পূরণ করতে পারেনি দক্ষিণ আমেরিকায় প্রবৃদ্ধি। এছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপে গাড়ি বিক্রি আগের বছরের সমান পর্যায়ে ছিল।

আরো জানা যাচ্ছে ২০২৪ সালের জন্য লভ্যাংশের পরিমাণ আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কমানোর প্রস্তাব করবে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মুনাফা কমে যাওয়া প্রসঙ্গে ফক্সওয়াগন গ্রুপের সিএফও আর্নো অ্যান্টলিটজ জানান, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও গাড়ি শিল্পের গভীর পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে প্রতিবেদনে।

তিনি বলেন, ‘আমরা প্রচলিত ইঞ্জিনের ওপর প্রযুক্তিগত প্রতিযোগিতা বজায় রাখছি। পাশাপাশি বিদ্যুচ্চালিত মডেল ও সফটওয়্যারে বিনিয়োগ করছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সুস্পষ্ট প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশলের মাধ্যমে আমাদের আঞ্চলিক উপস্থিতি শক্তিশালী করছি।’

ব্রাসেলসে অডির কারখানা বন্ধ হওয়া ব্যয়ের বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত প্রধান বাজার ইউরোপে বিক্রয় প্রবৃদ্ধি না হওয়া এবং চীনের বাজারে পতনের কারণে ব্যাপকভাবে উৎপাদনক্ষমতা কমাতে বাধ্য হয়েছে ফক্সওয়াগন।

আরও