৪৭০টি উড়োজাহাজ কিনছে এয়ার ইন্ডিয়া

নতুন ৪৭০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। নয়াদিল্লির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বাড়াতে তৎপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

নতুন ৪৭০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। নয়াদিল্লির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বাড়াতে তৎপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ। সে সূত্র ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২২০টি উড়োজাহাজ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে কেনা হবে ২৫০টি উড়োজাহাজ। খবর রয়টার্স।

চুক্তির মাধ্যমে ভারতের একক কোম্পানি হিসেবে ক্রয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করল এয়ার ইন্ডিয়া। চুক্তি মোতাবেক বোয়িং সরবরাহ করবে ১৯০টি ৭৩৭ এমএএক্স, ২০টি ৭৮৭ ড্রিমলাইনার ও ১০টি মিনি জাম্বো ৭৭৭ এক্স উড়োজাহাজ। অন্যদিকে এয়ারবাস কোম্পানি থেকে নেয়া হবে ২১০টি ন্যারোবডি ও ৪০টি ওয়াইডবডি উড়োজাহাজ। পরবর্তী সময়ে আরো ২৫ জেট সরবরাহ করবে এয়ারবাস। ফলে সব মিলিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ক্রয়ের সংখ্যা দাঁড়াবে ৪৯৫। ফ্লাইটগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও বর্তমান আকাশপথের প্রসারকে কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। সেদিকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন এয়ার ইন্ডিয়ার নতুন সিইও ক্যাম্পবেল উইলসন। তবে সম্পর্ককে আরো দীর্ঘ করার পূর্বাভাস দিয়েছেন চন্দ্রশেখরন। তিনি দাবি করেছেন, এয়ারবাস ও টাটা গ্রুপ আরো বড় উদ্যোগ নিয়ে কাজ করছে। অবশ্য ভারতীয় ও ফরাসি নেতারা একে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিকে আখ্যায়িত করেছেন ‘‌ঐতিহাসিক’ বলে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন। নরেন্দ্র মোদি দাবি করেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এর মাধ্যমে একদিকে ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের গভীরতা প্রমাণিত হয়। অন্যদিকে প্রমাণ করে আকাশপথ নিয়ে ভারতের প্রত্যাশা ও সফলতা। চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখেঁাও।

এয়ার ইন্ডিয়া প্রায় এক দশক আগে এয়ারবাস ও বোয়িংয়ের কাছে ৪৬০টি উড়োজাহাজ কেনার প্রস্তাব পাঠিয়েছিল। তারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে বর্তমান চুক্তির মধ্য দিয়ে। ২০২৩ সালের দ্বিতীয় ভাগে প্রথম চালান এসে পৌঁছাবে ভারতের মাটিতে। সেখানে থাকবে ২৫টি বোয়িং ৭৩৭ এমএএক্স ও ছয়টি এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ। ২০২৫ সাল বা তার কাছাকাছি সময়ের মধ্যে চলে আসবে বাকিগুলো। সর্বশেষ ডিসেম্বরের দিকে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শিগগিরই এয়ার ইন্ডিয়া প্রায় ৫০০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে। এদিকে নতুন এ চুক্তির পর বোয়িংয়ের শেয়ারদর ১ দশমিক ৩ শতাংশ ও এয়ারবাসের শেয়ারদর দশমিক ৩ শতাংশ বেড়েছে।

এয়ার ইন্ডিয়া একসময় অভিজাত উড়োজাহাজ হিসেবে পরিচিত ছিল। এ শতকের গোড়ার দিকে অর্থনৈতিক সংকটে ভাটা পড়ে খ্যাতিতে। হারানো খ্যাতি পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে চলছে কোম্পানিটি। কভিড-পরবর্তী সময়ে উড়োজাহাজ ক্রয় চুক্তি এয়ার ইন্ডিয়ায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

আরও