এক বছরের ব্যবধানে এটি সনির দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে প্রায় সব ধরনের মেমোরি কার্ড বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও দ্য ভার্জ।
প্লেস্টেশনের নতুন দাম ও বাজার পরিস্থিতি নিয়ে সনি জানিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড প্লেস্টেশন ফাইভের দাম ১০০ ডলার বাড়িয়ে ৬৪৯ ডলার ৯৯ সেন্ট নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল এডিশনের দাম বেড়ে হচ্ছে ৫৯৯ ডলার ৯৯ সেন্ট এবং উচ্চক্ষমতাসম্পন্ন পিএস ফাইভ প্রোর নতুন দাম হবে ৮৯৯ ডলার ৯৯ সেন্ট। এছাড়া প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ারের দামও ৫০ ডলার বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও জাপানে এ বাড়তি দাম কার্যকর হবে।
বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো তৈরির দৌড়ে মেমোরি চিপ নির্মাতারা এখন সাধারণ ডিভাইসের বদলে বেশি মুনাফাজনক ডেটা সেন্টার চিপ তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে সাধারণ গ্রাহক পর্যায়ের ডিভাইসের জন্য চিপের সরবরাহ কমে গেছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে খরচ বাড়ার কারণে কোম্পানিটি দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সনি।
চিপ সংকটের প্রভাব কেবল গেমিং কনসোলে সীমাবদ্ধ থাকেনি। গত শুক্রবার থেকে সনি সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের প্রায় সব মডেলের ক্রয়াদেশ নেয়া বন্ধ করেছে।
সনি জাপানের ওয়েবসাইট ও অনলাইন স্টোরে জানানো হয়েছে, সলিড-স্টেট মেমোরির ঘাটতি ও ইরানের যুদ্ধের ফলে সৃষ্ট হিলিয়াম সংকটের কারণে চিপ উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই আপাতত সাধারণ গ্রাহক ও অনুমোদিত ডিলার কারোর কাছ থেকেই নতুন কোনো অর্ডার নেয়া হবে না। তবে বাজারে থাকা বর্তমান সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট মডেলের কার্ড পাওয়া যেতে পারে।
বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কনসোলের মূল্যবৃদ্ধি গেমিং শিল্পের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এরই মধ্যে বিক্রিতে মন্দার কারণ দেখিয়ে জনপ্রিয় গেম ‘ফোর্টনাইট’ নির্মাতা এপিক গেমস এক হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।