সম্প্রতি এ বিধান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এর ওপর দুই মাসের স্থিতাবস্থা দেয়া হয়েছে। এক্ষেত্রে রিটকারীর বাইরে অন্যান্য ইউনিটহোল্ডারদের ক্ষেত্রে এ স্থিতাবস্থা কার্যকর হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০২৫ সালের নভেম্বরে জারি হওয়া মিউচুয়াল ফান্ড বিধিমালায় বলা হয়েছে এ বিধিমালা সরকারের গেজেটে প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো মেয়াদি স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেনমূল্য স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের মধ্যে যেটি বেশি হয়, তার তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডটির ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতা ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে স্কিমটিকে বেমেয়াদিতে রূপান্তর অথবা অবসায়ন করার সিদ্ধান্ত নেয়া যাবে। এক্ষেত্রে শর্ত হলো ছয় মাস শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে। রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে ইজিএম করতে হবে। এ বিধান বাস্তবায়নে বিএসইসির পক্ষ থেকে এ বছরের ৭ মে একটি নির্দেশনা জারি করা হয়।
এ নির্দেশনা জারির পর কয়েকজন ইউনিটহোল্ডার আপত্তি তুলে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটকারীদের দাবি, ২০১৮ সালের সরকারি গেজেটের মাধ্যমে যেসব ক্লোজড-এন্ড ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছিল, সেগুলোর বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগে জোরপূর্বক রূপান্তরের সিদ্ধান্ত ইউনিটহোল্ডারদের অধিকার ক্ষুণ্ন করছে। এ প্রেক্ষাপটে গত ২১ মে হাইকোর্টে শুনানি শেষে বিএসইসির ৭ মের আদেশ এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬২, ৬৩ ও ৬৪ নম্বর বিধির কার্যকারিতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে দুই মাসের জন্য মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর রূপান্তর বা অবলুপ্তি প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
আদালতের ওই আদেশের পর ট্রাস্টি প্রতিষ্ঠানগুলো রূপান্তর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। এর মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তাদের অধীনস্থ কয়েকটি ফান্ডের বিশেষ সাধারণ সভা আয়োজনের প্রস্তুতি স্থগিত করে বিষয়টি বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) আনুষ্ঠানিকভাবে জানায়। এর পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকে গত ১১ জুন ট্রাস্টিদের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয় হাইকোর্টের স্থিতাবস্থার সুবিধা শুধু রিটকারী ইউনিটহোল্ডারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর বাইরে অন্যসব ইউনিটহোল্ডারের ক্ষেত্রে ৭ মের আদেশ বহাল থাকবে এবং রূপান্তর বা অবলুপ্তির প্রক্রিয়া চলবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বণিক বার্তাকে বলেন, ‘আদালতের স্থিতাবস্থার বিষয়টি শুধু যেসব ইউনিটহোল্ডার রিট করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রিটকারীদের বাইরে অন্যসব ইউনিটহোল্ডারের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর ৬২(২) বিধি এবং এ বছরের মে মাসের ৭ তারিখে যে আদেশ জারি করা হয়েছিল সেটি কার্যকর থাকবে। কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে মিউচুয়াল ফান্ডের ট্রাস্টিদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিধিমালা অনুসারে ফান্ডের রূপান্তর কিংবা অবসায়নের বিষয়টি নির্ভর করবে ইউনিটহোল্ডারদের ভোটাভুটির ওপর। ৭৫ শতাংশ কিংবা তার বেশি ভোট যেদিকে যাবে, তার ভিত্তিতেই ফান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’