প্রসাধনী ব্যবসায় মনোযোগ ডলচে অ্যান্ড গাবানার

জিয়ানলুকা তোনিওলো জানান, ২০২৫ সালের ধারাবাহিকতা ধরে রেখে বিউটি বিভাগে চলতি বছরও প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

আয় ও মুনাফা বাড়তে থাকায় অন্যান্য বিভাগের তুলনায় প্রসাধনী ব্যবসায় বেশি গুরুত্ব দিচ্ছে ডলচে অ্যান্ড গাবানা। এ বিভাগে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণেও জোর দিচ্ছে কোম্পানিটি। গত বছর ইতালিভিত্তিক প্রতিষ্ঠানটির বিউটি বিভাগের পাইকারি বিক্রি ছাড়িয়েছে ১০০ কোটি ইউরো। ইতালির অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ইল সোলে ২৪ ওরেকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল এসব তথ্য জানান ডলচে অ্যান্ড গ্যাবানার বিউটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়ানলুকা তোনিওলো। খবর রয়টার্স।

জিয়ানলুকা তোনিওলো জানান, ২০২৫ সালের ধারাবাহিকতা ধরে রেখে বিউটি বিভাগে চলতি বছরও প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সুগন্ধি, মেকআপ ও ত্বকের যত্নবিষয়ক পণ্যের ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির প্রসাধনী ব্যবসার পাইকারি বিক্রি আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। একই সময়ে বিভাগটিতে দুই অংকের পরিচালন মুনাফাও হয়েছে। পাশাপাশি ২০২২ সালের তুলনায় গত বছর পাইকারি বিক্রির পরিমাণ বেড়েছে তিন গুণের বেশি।

ডলচে অ্যান্ড গাবানার বিউটি বিভাগের আয়ের সবচেয়ে বড় হিস্যা আসে আমেরিকা মহাদেশ থেকে। মোট আয়ের প্রায় ৫৫ শতাংশই এ অঞ্চলের। এর মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় বাজার। আমেরিকা অঞ্চলের বিক্রির প্রায় ৬০ শতাংশ আসে দেশটি থেকে। ইউরোপ থেকে আসে মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে এশিয়ার অবদান এখনো ৬ শতাংশের কিছু বেশি। তবে এশিয়ায়ও ডলচের বাজার দ্রুত সম্প্রসারণ হচ্ছে বলে জানান তোনিওলো।

আরও