সুগন্ধির বাজারে আসছে পুমা

১০ বছর মেয়াদি চুক্তিটির আওতায় পুমা ব্র্যান্ডের নামে বিশ্বজুড়ে পারফিউম তৈরি, বিপণন ও বণ্টন করবে ইন্টারপারফিউম।

সুগন্ধি খাতে পা রাখছে জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক প্রসাধনী ও সুগন্ধি নির্মাতা কোম্পানি ইন্টারপারফিউমের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে। ১০ বছর মেয়াদি চুক্তিটির আওতায় পুমা ব্র্যান্ডের নামে বিশ্বজুড়ে পারফিউম তৈরি, বিপণন ও বণ্টন করবে ইন্টারপারফিউম।

প্রতিষ্ঠান দুটি জানায়, চুক্তিটি ২০৩৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এর আর্থিক পরিমাপ বা লেনদেনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে পুমার প্রথম নতুন পারফিউম বাজারে আসবে।

ইন্টারপারফিউমের লাইসেন্স তালিকায় এরই মধ্যে কোচ, জিমি চু, ল্যাকোস্ট ও মন্টব্ল্যাংকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ও বিলাসবহুল ব্র্যান্ড রয়েছে। ১৯৮২ সাল থেকে সুগন্ধির বাজারে থাকা প্রতিষ্ঠানটি বিশ্বের ১২০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে।

এদিকে চুক্তির খবর প্রকাশের পর পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক ট্রেডিং প্লাটফর্মে গত সপ্তাহে পুমার শেয়ারদর ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ইন্টারপারফিউমের চেয়ারম্যান ও সিইও জ্যঁ মাদার জানান, আন্তর্জাতিক খেলোয়াড় ও দলগুলোর সঙ্গে পুমার সম্পর্ক ও ডিজাইন একটি আলাদা অবস্থান তৈরি করেছে। নতুন সুগন্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি সব বয়সী ও পছন্দের গ্রাহকদের কাছে পুমার জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে চায়।

পুমার লাইসেন্সড বিজনেস ডিরেক্টর নিনা জ্যাকবসেন এ অংশীদারত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ইন্টারপারফিউমের আন্তর্জাতিক দক্ষতা ব্যবহার করে একটি চমৎকার সুগন্ধি ব্র্যান্ড তৈরি করা হবে। এটি বিশ্বজুড়ে গ্রাহকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, খেলার সামগ্রী বিক্রির পাশাপাশি সুগন্ধি ও ফ্যাশন খাতে জোর দেয়ার কারণ হলো ব্যবসায় রূপান্তর আনা। মূলত প্রধান নির্বাহী আর্থার হোল্ডের নেতৃত্বে প্রতিষ্ঠানটি একটি কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক প্রবৃদ্ধি ফেরাতে খরচ কমানো, অপ্রয়োজনীয় ডিসকাউন্ট বন্ধ করা ও ডিজিটাল চ্যানেলে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।

পুমার লক্ষ্য ২০২৭ সালের মধ্যে ব্যবসায় বড় ধরনের প্রবৃদ্ধি ফিরিয়ে আনা। ওই বছরই কোম্পানিটির প্রথম পারফিউম বাজারে আত্মপ্রকাশ করবে। —খবর ও ছবি দ্য ইন্ডাস্ট্রি বিউটি

আরও