সুদহার বাড়ানো অব্যাহত রাখতে পারে বিওজে

মূল্যস্ফীতি বাড়ায় সুদহার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে)।

মূল্যস্ফীতি বাড়ায় সুদহার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে)। এজন্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চাপে না ফেলে ঋণগ্রহণের ব্যয় বাড়ানোর উপায় খুঁজছেন বিওজের পর্ষদ সদস্যরা। ডিসেম্বরে অনুষ্ঠিত বিওজের পর্ষদের সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স।

কার্যবিবরণী অনুযায়ী সভায় একজন সদস্য বলেন, ‘বিওজের বর্তমান নীতি সুদহার এখনো নিরপেক্ষ স্তর থেকে অনেক দূরে রয়েছে। তাই উপযুক্ত সময়ে সুদহার বাড়ানোর সুযোগ রয়েছে।’ বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় বিওজে আরো কয়েকবার সুদহার বাড়াতে সক্ষম।

জাপানে ১৯৯০-এর দশক থেকে দীর্ঘ সময় ধরে পণ্যের মূল্য কমা শুরু করে। বিশ্বের একমাত্র দেশ হিসেবে দীর্ঘদিন নেতিবাচক সুদহারও বজায় রেখেছিল দেশটি। এ সময়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সুদহার বাড়ানোর সময় নির্ধারণ করা কতটা যুক্তিসংগত হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিওজের এক সদস্য।

অন্যদিকে আরেক সদস্য বলেন, ‘নীতি সুদহার মূল্যস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য করে, এমন নিরপেক্ষ পর্যায়ে পৌঁছলে বিওজেকে তা বাড়ানোর গতি ধীর করতে হবে। একই সঙ্গে অর্থনীতি ও দামের প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।’

জাপানে প্রায় তিন বছর ধরে মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে মজুরি বাড়াতে বাধ্য হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।

জাপানের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিওজে কর্মকর্তারা প্রান্তিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস প্রণয়নসংক্রান্ত চার বৈঠকে উপস্থিত থাকেন। তবে বছরের আটটি নীতিনির্ধারণী বৈঠকেও তাদের উপস্থিত থাকা উচিত বলে নয় সদস্যের পর্ষদ একমত হন। সুদহার বাড়ানোর ফলে জাপানের আর্থিক ব্যবস্থার ওপর প্রভাব পর্যবেক্ষণে তারা সাহায্য করতে পারবেন।

বিওজে ডিসেম্বরের বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখে। কারণ মজুরির পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিমালা বিশ্লেষণে আরো সময় প্রয়োজন বলে মনে করেছিল তারা। পরে জানুয়ারির বৈঠকে সুদহার দশমিক ২৫ থেকে দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়।

জানুয়ারির বৈঠকের পর বিওজে গভর্নর কাজুও উয়েদা জানান, কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানো অব্যাহত রাখবে। তবে সেটা কখন ও কত দ্রুত হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি।

আর্থিক বাজারগুলোও বিওজের নিরপেক্ষ সুদহারের অনুমানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর ওপর নির্ভর করছে সুদহার কতটা বাড়তে পারে। বিওজের কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, জাপানের নিরপেক্ষ হার ১ থেকে ২ দশমিক ৫ শতাংশের মধ্যে হতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, নিরপেক্ষ হার প্রায় ১ শতাংশের কাছাকাছি। গভর্নর কাজুও উয়েদা বলেছেন, তাৎক্ষণিক ভিত্তিতে নিরপেক্ষ হার নির্ধারণ করা কঠিন।

আরও