মার্কিন শুল্ক অস্থিরতা

ফ্রাংকফুর্টের ডিএএক্স সূচক থেকে বাদ পড়ছে পোরশে

শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা খেল জার্মান গাড়ি নির্মাতা পোরশে।

শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা খেল জার্মান গাড়ি নির্মাতা পোরশে। দেশটির শীর্ষ শেয়ারবাজার সূচক ডিএএক্স থেকে স্টুটগার্ট-ভিত্তিক এ স্পোর্টস কার কোম্পানি বাদ পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের কারণে সম্প্রতি বাজারে বেশকিছু প্রতিবন্ধকতার মুখে পড়েছে পোরশে। এর মধ্যেই জার্মান শেয়ারবাজারের প্রধান সূচকটি থেকে বাদ পড়ে গেল কোম্পানিটি। খবর ইউরো নিউজ।

ফ্রাংকফুর্ট স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ৪০টি কোম্পানির শেয়ারদরের ওঠানামার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ডিএএক্স সূচক। এতে পোরশের স্থলাভিষিক্ত হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস স্টাউট২৪ এসই। ২২ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

ডিএএক্স সূচক জার্মানির অর্থনৈতিক শক্তিমত্তার মানদণ্ড হিসেবে বিবেচিত। এ সূচকে থাকতে হলে কোম্পানিগুলোকে নির্দিষ্ট মান ও মুনাফার শর্ত পূরণ করতে হয়।

ভক্সওয়াগন গ্রুপের অংশ পোরশে এজি ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে জার্মান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেটি ছিল জার্মানিতে অন্যতম বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। মাত্র কয়েক মাসের মধ্যেই উচ্চ মুনাফার কারণে কোম্পানিটি ডিএএক্স সূচকে অন্তর্ভুক্ত হয়।

আইপিওতে পোরশের শেয়ারমূল্য ছিল ৮২ দশমিক ৫০ ইউরো, যা কয়েক মাসের মধ্যে প্রায় ১২০ ইউরোতে পৌঁছায়। কিন্তু গত বৃহস্পতিবার পোরশের শেয়ারের দর নেমে দাঁড়িয়েছে ৪৫ ইউরোর নিচে। সব মিলিয়ে গত ১২ মাসে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৩৩ শতাংশ কমেছে।

পোরশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অলিভার ব্লুমে জার্মান সংবাদমাধ্যমকে বলেন, ডিএএক্স তার অন্যতম মূল্যবান জার্মান কোম্পানিকে হারাচ্ছে। আশা করি পোরশে শিগগিরই আবার সূচকে ফিরে আসবে।

পোরশের বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০ কোটি ইউরো। জার্মানির অন্যতম বৃহৎ তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিবেচিত হলেও পোরশে সম্প্রতি বেশ চাপে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির ওপর আরোপিত শুল্ক কোম্পানিটির ব্যবসাকে কঠিন আঘাত করেছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ির দুর্বল চাহিদা নিজস্ব ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা বাতিল করতে বাধ্য করেছে।

খরচ কমাতে পোরশে ছাঁটাইসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। অলিভার ব্লুমে জানান, পোরশে বর্তমানে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক পুনর্গঠন কর্মসূচির কারণে শেয়ারদর আবারো ঊর্ধ্বমুখী হবে বলে তার প্রত্যাশা। তিনি বলেন, ‌‌পোরশের নতুন দিকনির্দেশনার মাধ্যমে আমাদের লক্ষ্য স্পষ্ট, তা হলো যত দ্রুত সম্ভব ডিএএক্সে ফিরে আসা।

আরও