যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে টানা সাত সপ্তাহের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। গত সপ্তাহে তা ঊর্ধ্বমুখী হয়েছে ৩ শতাংশের বেশি। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বাড়ায় মূল্যবান ধাতুটির বাজারদর আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে (শুক্রবার) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৮৪ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির বাজারদর স্থির হয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৯০৮ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি।
কিটকো মেটালসের সিনিয়র অ্যানালিস্ট জিম উইকফ বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে স্বর্ণের দাম আরো বাড়তে পারে।’
এদিকে যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোল (কৃষি ছাড়া অন্যান্য কর্মস্থানের তথ্য) প্রতিবেদন গত শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু এ প্রতিবেদন প্রকাশ স্থগিত করা হয়েছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, অক্টোবরে ফেডের ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯৭ শতাংশ। ডিসেম্বরেও একই হারে সুদহার কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশ।
চলতি বছরের এ পর্যন্ত স্বর্ণের দাম এরই মধ্যে ৪৭ শতাংশের বেশি বেড়েছে। ইউবিএসের এক নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদহার কমার পাশাপাশি ডলারের বিনিময় হার কমে যাওয়া মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির পেছনে আরো ভূমিকা রাখছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৭ ডলার ৯৬ সেন্টে পৌঁছেছে। এ সময় প্লাটিনামের দাম স্থির হয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৬০৬ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৫৯ ডলার ৪১ সেন্টে পৌঁছেছে।