ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কবিহীন বাণিজ্য দেখতে আগ্রহী মার্কিন বিলিয়নেয়ার ইলোন মাস্ক। ইতালির ফ্লোরেন্সে ডানপন্থী দল লেগার এক অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম এ পরামর্শক। সেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর নতুন হারে শুল্ক ঘোষণার কয়েকদিনের মাথায় মুক্ত বাণিজ্য নিয়ে এ প্রত্যাশা জানালেন ইলোন মাস্ক।
গত সপ্তাহে ঘোষিত ট্রাম্পের নতুন শুল্কনীতি অনুযায়ী, অন্যান্য ইউরোপীয় দেশের মতো যুক্তরাষ্ট্রে ইতালীয় পণ্য আমদানিতে ২০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।
নতুন শুল্কনীতি নিয়ে আলোচনার মধ্যেই ওই অনুষ্ঠানে মাস্ক বললেন, ‘আমি মনে করি, দিন শেষে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা উচিত। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত হবে শুল্কবিহীন বাণিজ্যের দিকে অগ্রসর হওয়া।’
এর আগেও লেগার নেতা মাত্তেও সালভিনির সঙ্গে সাক্ষাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবাধ যাতায়াতের স্বাধীনতা নিয়ে মন্তব্য করেন টেসলা বস। তিনি বলেছেন, ‘যদি কেউ ইউরোপে বা উত্তর আমেরিকায় কাজ করতে চায়, তবে তাকে সেটার স্বাধীনতা দেয়া উচিত। মার্কিন প্রেসিডেন্টের প্রতি এটা আমার পরামর্শ।’
ডানপন্থী দলটির প্রতিনিধি ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো বলেছেন, ‘ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর ইতালির সরকার দেশটির সঙ্গে উত্তেজনা কমাতে চায় এবং প্রতিশোধমূলক কোনো শুল্ক আরোপের সিদ্ধান্ত নিতে চায় না।’
ইউরোপে ডানপন্থী দলগুলোকে বরাবরই সমর্থন দিয়ে আসছেন ইলোন মাস্ক। এর আগে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার ব্রাদার্স অব ইতালি পার্টির ঘনিষ্ঠ ছিলেন তিনি। আইন-শৃঙ্খলা, কর কর্তন এবং অনিয়মিত অভিবাসন দমনের বিষয়ে ব্রাদার্স অব ইতালি ও লেগা—উভয় দলেরই কট্টর ডানপন্থী এজেন্ডা রয়েছে। সালভিনির লেগার প্রতিও সমর্থন প্রকাশ করেছেন মাস্ক।