নিম্ন জন্মহার ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকার প্রভাব পড়েছে জাপানের অর্থনীতিতে। বিশেষ করে কর্মী নিয়োগের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে দেশটির কোম্পানিগুলো। সাম্প্রতিক এক জরিপে বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে। সরকারি এ জরিপে দেখা যাচ্ছে, জাপানের প্রায় ৬৫ শতাংশ কোম্পানি শ্রম সংকট মোকাবেলায় বিদেশী কর্মীদের নিয়োগ দিয়েছে। খবর জাপান টুডে।
জরিপে একই প্রশ্নে একাধিক উত্তর বাছাইয়ের সুযোগ ছিল। সেখানে ৫৬ দশমিক ৮ শতাংশ কোম্পানি জানিয়েছে, জাপানি কর্মীদের সমতুল্য বা তাদের তুলনায় ভালো কাজ করবে এ প্রত্যাশায় বিদেশী কর্মীদের নিয়োগ দেয়া হয়। অন্যদিকে ১৮ দশমিক ৫ শতাংশ কোম্পানি বৈচিত্র্য প্রচারের লক্ষ্যে ভিন্ন দেশের কর্মীদের নিয়োগ দিয়েছে।
বয়স্কদের সংখ্যা বৃদ্ধি ও হ্রাসমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে জাপানে বিদেশী কর্মীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমন সময় বিদেশী কর্মী নিয়োগ বিষয়ে প্রথমবার জরিপ প্রকাশ করল দেশটির শ্রম মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ জরিপ চালিয়ে যেতে এবং একে নীতিনির্ধারণের জন্য একটি প্রাথমিক নথি হিসেবে ব্যবহার করতে চাই আমরা।’
গত বছরের অক্টোবর ও নভেম্বরে এ জরিপ পরিচালিত হয়েছে। যেখানে পাঁচ বা তার বেশি কর্মী আছে, এমন কোম্পানির মধ্যে ৩ হাজার ৫৩৪টি এবং ১১ হাজার ৬২৯ কর্মী থেকে প্রতিক্রিয়া নেয়া হয়েছে।
কোম্পানির মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ জানিয়েছে, বিদেশী কর্মীদের সঙ্গে যোগাযোগ একটি চ্যালেঞ্জের বিষয়। ভাষাগত ও সাংস্কৃতিক দূরত্ব এর কারণ। জরিপে আরো দেখা গেছে, জাপানের ৫১ দশমিক ৫ শতাংশ বিদেশী কর্মী নিজ দেশে এজেন্সি বা ব্যক্তিদের মাধ্যমে চাকরি পেয়েছে। অন্যদিকে ১৩ দশমিক ৫ শতাংশ জাপানি এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে চাকরি পেয়েছে।
জরিপে অংশ নেয়া ৮২ দশমিক ৫ শতাংশ বিদেশী কর্মী জানিয়েছে, তারা কর্মস্থলে কোনো সমস্যা অনুভব করেনি।